আসছে নতুন অস্ত্র, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান : আইআরজিসি
ছবিঃ সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগেই সংরক্ষণ করে রাখা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে। নতুন কিছু অস্ত্র আলাদাভাবে মজুত রাখা হয়েছে, যেগুলো এখনো বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। প্রয়োজনের সময় সেগুলো শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী ও যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত হিসেবে ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।


এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খাইবার’ নিক্ষেপ করে ইরান।


ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।


এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে অভিযান শুরু করে।


গত সাত দিন ধরে চলা সংঘাতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। প্রতিক্রিয়াস্বরূপ ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।


সামরিক কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী সংঘাতের তুলনায় এবার ইরানের অস্ত্র সক্ষমতা আরও উন্নত এবং শক্তিশালী অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে।