মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে। তিনি জানান, বর্তমানে তিনি এ ধরনের কোনো বিষয় নিয়ে ভাবছেন না।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনসিবি নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানে সেনা পাঠানো অর্থহীন হবে। এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তাদের নৌবাহিনীসহ সম্ভাব্য অনেক সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।'
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য ইরান প্রস্তুত। তবে ট্রাম্প এই মন্তব্যকে ‘অযথা বক্তব্য’ বলে অভিহিত করেন।
ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তারা ইরানের এমন একজন নেতা চান, যিনি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবেন। তবে সম্ভাব্য সেই ব্যক্তিদের নাম তিনি প্রকাশ করেননি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।

