রেভল্যুশনারি গার্ডের নতুন নেতৃত্বে ওয়াহিদি
ছবিঃ সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি।


ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির অনুমোদনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।


এর আগে আহমাদ ওয়াহিদি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একসময় আইআরজিসির অভিজাত কুদস বাহিনীর শীর্ষ পর্যায়ের দায়িত্বেও ছিলেন। দীর্ঘদিন ধরে দেশটির সামরিক কৌশল ও নিরাপত্তা নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন তিনি।


নতুন দায়িত্ব পাওয়ার পর এক বার্তায় ওয়াহিদি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আইআরজিসি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আইআরজিসির নেতৃত্বে এই পরিবর্তন ইরানের সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে।