মার্কিন সাবমেরিন হামলায় একটি রণতরী ডুবে যাওয়ার পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলংকার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
কলম্বোর গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা বলেন, দ্বিতীয় যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। তবে জাহাজটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রগুলো জানিয়েছে, জাহাজটিতে শতাধিক নাবিক রয়েছেন।
এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। ওই হামলায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাত বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতে শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। দেশটি সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছে।
এদিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গলের কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে। গল হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ৩২ জন ইরানি নাবিক বর্তমানে চিকিৎসাধীন। তাদের নিরাপত্তায় পুলিশ ও বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগ সাধারণ দর্শনার্থী ও অন্যান্য রোগীদের জন্য বন্ধ রাখা হয়েছে। আহত ইরানি নাবিকদের জন্য আলাদা একটি ওয়ার্ডও করা হয়েছে। হাসপাতালের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশিরভাগ নাবিকের আঘাত সামান্য হলেও কয়েকজনের হাড় ভেঙেছে এবং কিছুজন দগ্ধ হয়েছেন।
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ জানিয়েছেন, নিখোঁজ ইরানি নাবিকদের খোঁজে নৌবাহিনীর জাহাজগুলো তল্লাশি চালাচ্ছে। তবে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

