আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ কাতার আমিরের
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তামিম বিন হামাদ আল থানি।


বুধবার সেনাবাহিনীর এয়ার অপারেশন্স সেন্টার পরিদর্শন করেন কাতারের আমির। সেখানে সামরিক কর্মকর্তারা তাকে অপারেশন বিভাগের অগ্রগতি, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নিরাপত্তা জোরদার এবং দেশের আকাশ ও জলসীমা সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।


আমিরের দপ্তর এমিরি দিওয়ান থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শেখ তামিম বিন হামাদ আল থানি মনোযোগ সহকারে এসব তথ্য শোনেন এবং আকাশ ও জলসীমা রক্ষায় আরও জোরদার পদক্ষেপ নিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন।


এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।


সংলাপ ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে Iran-এর বিরুদ্ধে।


জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, যা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের অন্যতম বৃহৎ ঘাঁটি হিসেবে পরিচিত।