মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’এ ড্রোন হামলা দাবি ইরানের
ছবিঃ সংগৃহীত

ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এর অধীন খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তর দাবি করেছে, তাদের নৌবাহিনীর ড্রোন হামলায় মার্কিন যুদ্ধজাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে।


খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক মুখপাত্র জানান, ইউএসএস আব্রাহাম লিংকন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূর পর্যন্ত এগিয়ে আসে। এ সময় আইআরজিসি নৌবাহিনীর ড্রোন হামলায় জাহাজটি আঘাতপ্রাপ্ত হয় বলে দাবি করা হয়।


তিনি আরও বলেন, হামলার পর মার্কিন বিমানবাহী রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলো নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। বর্তমানে এটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলেও দাবি করেন তিনি।


এর কয়েকদিন আগে আইআরজিসি ঘোষণা দিয়েছিল, ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’-এর অংশ হিসেবেইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


ইরানের সামরিক কর্তৃপক্ষের দাবি, শত্রুর বিরুদ্ধে তাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং আগ্রাসীদের জন্য স্থল ও সমুদ্র উভয়ই ‘কবরস্থানে’ পরিণত হবে।


তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।