যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরান।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহৃত হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, “এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।”
তিনি আরও বলেন, 'যুদ্ধের প্রথম দিনগুলোতেই ইরান তাদের সব উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে না।'
অন্যদিকে, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা কমে আসছে বলে দাবি করেছেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এর প্রধান জেনারেল ব্রাড কুপার।
তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান এখন পর্যন্ত ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২ হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে বর্তমানে তাদের উৎক্ষেপণ সক্ষমতা বড় ধরনের সংকটের মুখে রয়েছে।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে উভয় পক্ষের এই বিপরীতমুখী বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

