উলিপুরে ব্রহ্মপুত্র নদের স্রোতের পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু, ২টি গরু নিখোঁজ
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে গরু নিয়ে ব্রহ্মপুত্র নদের চ্যানেল পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের পর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর গুজিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


 ওই কৃষকের নাম তৈয়ব আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে।


স্থানীয়  সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের পর  তৈয়ব আলী তার ১০-১২টি গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়া শেষ করে ফিরছিলেন। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করায় নদীর প্রবল স্রোতে  দুইটি গরুসহ পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ বিকেলের দিকে  উদ্ধার করেন। কিন্তু  তার গরু দুটি এখনো নিখোঁজ রয়েছে। 


হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেলে সাঁতার কাটার সময় তার মৃত্যু ঘটে। তার দুটি গরুও হারিয়ে গেছে, যা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।