সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরানের পাঠানো বেশ কয়েকটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে ফ্রান্সের বিমানবাহিনী। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট বুধবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিতে মোতায়েন ফরাসি ‘রাফাল’ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। মূলত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফরাসি সামরিক সদস্য ও ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সরাসরি ইরানের ড্রোন ভূপাতিত করার বিষয়টি স্বীকার করল ফ্রান্স।
এ বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাত ও ফরাসি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমানের টহল বাড়ানো হয়েছিল। ইরান থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিলে ড্রোনগুলো আকাশেই অকার্যকর করা হয়।
ফ্রান্সের সামরিক অবস্থান অনুযায়ী, মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশ ও নিজস্ব সম্পদের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল ধাফরা বিমান ঘাঁটি দীর্ঘদিন ধরে ফ্রান্সের সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে Charles de Gaulle বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠানো হবে।
ফরাসি সরকার বলছে, আন্তর্জাতিক সমুদ্রপথ সচল রাখা এবং বৈশ্বিক বাজারের স্থিতিশীলতা রক্ষায় তারা এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের সংঘাত বাড়ার পর ফ্রান্স প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে আরব মিত্রদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকায় পশ্চিমা দেশগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করছে।

