মধ্যরাতে নলছিটিতে আগুন, পুড়ল ১৫ লাখ টাকার মালামাল
ছবিঃ বিপ্লবী বার্তা

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।


গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বোর্ডের হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের সাঈদের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।


পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী রাজিব হোসেন জানান, আসন্ন রমজানকে সামনে রেখে দোকানে বেশি পরিমাণ মালামাল মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং কান্নায় ভেঙে পড়েন।


নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, রাত ১টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি দোকান ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।