অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের আছে: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

'যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রের মজুত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। অন্যদিকে, ইরানের দাবি, বাহরাইনে অবস্থিত একটি কৌশলগত মার্কিন বিমানঘাঁটি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে।


বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে লিখেছেন, “আমাদের কাছে অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিশাল মজুত আছে এবং আমরা বড় জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”


একই পোস্টে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, বাইডেন ইউক্রেনকে ‘অত্যন্ত উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন। উল্লেখ্য, বাইডেন তার মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে ১৯০ মাইল পাল্লার শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা নিয়ে ট্রাম্প শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।


এদিকে, সংঘাতের ফ্রন্টলাইনে ইরান এক বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। 


আইআরজিসি দাবি করেছে, বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হেনেছে। এতে ঘাঁটির একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকেও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই হামলার বিষয়ে পেন্টাগন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক জরুরি সতর্কবার্তায় বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও অন্তত এক ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই অঞ্চলে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।