ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলা থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।


সাধারণত ৪.৩ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের কম্পনে উৎপত্তিস্থল বা এর আশপাশের এলাকায় তীব্র ঝাকুনি অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকে। তবে এর গভীরতা ভূমি থেকে মাত্র ১০ কিমি দূরে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এখন পর্যন্ত এই ভূমিকম্পে ইরানের কোনো এলাকা থেকে হতাহত বা বড় ধরনের কোনো পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় উদ্ধারকারী দল বা স্থানীয় প্রশাসন বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।