মার্কিন–ইরান সংঘাত অব্যাহত থাকলে পরিণতি হবে ভয়াবহ: এরদোগান
ছবিঃ বিপ্লবীবার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং ইরানে মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত এখনই নিয়ন্ত্রণে না আনা গেলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।


সোমবার (২ মার্চ, ২০২৬) রাজধানী আঙ্কারায় আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


উপস্থিত সকলের উদ্দেশ্যে এরদোগান বলেন, 'বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। যদি প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া না হয়, তবে এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং বিশ্বশান্তিকে বড় ধরনের হুমকির মুখে ফেলবে।' তিনি আরও বলেন, "আমরা চাই দ্রুত এই রক্তপাত এবং মানুষের কষ্টের অবসান ঘটুক। তুরস্ক সর্বদা শান্তির পক্ষে অটল রয়েছে। আমরা আশা করি এই অঞ্চল দ্রুত দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে পাবে।"


প্রেসিডেন্ট এরদোগান জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তুরস্ক সরকার প্রস্তুত। তিনি উল্লেখ করেন, দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


একই সঙ্গে তিনি জানান, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তুরস্ক প্রতিটি পর্যায়ে তার কূটনৈতিক সংযোগ ও আলোচনা চালিয়ে যাবে। আঙ্কারা বিশ্বাস করে, একমাত্র গঠনমূলক আলোচনার মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব।