ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে জয়িতা পুরস্কার পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।
সোমবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ শ্রেণিতে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মারুফা আক্তারের হাতে সম্মাননা স্মারক, সনদ ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন।
জানা গেছে, ঢাকা বিভাগের ১৩টি জেলার সফল নারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। জেলা পর্যায়ে পাঁচটি বিভাগে যারা জয়িতা নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠদের আজ এই সম্মাননা দেওয়া হয়। মারুফা আক্তার এর আগে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার পেয়েছিলেন।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মারুফা আক্তার বলেন, “ঢাকা বিভাগ থেকে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হওয়াটা আমার কাছে কল্পনাতীত ছিল। আজ মনে হচ্ছে আমি আমার বাবা-মাকে গর্বিত করতে পেরেছি। এই অর্জন শুধু আমার নয়, বরং পুরো মুন্সীগঞ্জবাসীর।”
মারুফা আক্তার মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

