গ্রীষ্মের আগেই যুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র, মিয়ামিতে হতে পারে নতুন দফার বৈঠক
ছবিঃ সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ আগামী গ্রীষ্ম শুরু হওয়ার আগেই শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন দফার আলোচনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত তথ্যানুযায়ী, ওয়াশিংটনের প্রস্তাবিত এই আলোচনা আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেন ইতোমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে।


জেলেনস্কি বলেন, “আমেরিকানরা প্রস্তাব দিচ্ছে, গ্রীষ্ম শুরু হওয়ার আগেই উভয় পক্ষ যেন যুদ্ধ শেষ করে। তারা সম্ভবত এই সময়সূচি মানতে চাপ সৃষ্টি করবে। তাদের কাছে অভ্যন্তরীণ নির্বাচন (মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন) অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। তারা চায় জুনের মধ্যেই সবকিছুর সমাধান হোক।”


প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন একটি পর্যায়ভিত্তিক শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। যদিও এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক এক বড় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত দুই দিনের শান্তি আলোচনায় বড় কোনো রাজনৈতিক সমাধান না আসলেও, উভয় পক্ষ ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। পাঁচ মাসের বিরতির পর দুই দেশের মাঝে এই বন্দি বিনিময় আবার শুরু হচ্ছে।


সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে নজরদারি করা হবে, সে বিষয়ে সামরিক দলগুলো কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি বা ‘সমৃদ্ধির পরিকল্পনা’ নিয়েও কথা হয়েছে, যা মূলত যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনর্গঠনের একটি রূপরেখা।


জেলেনস্কি আরও জানান, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বোচ্চ ১২ ট্রিলিয়ন ডলার মূল্যের একটি সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তি ইউক্রেনের সংবিধান লঙ্ঘন করতে পারবে না।