কাইয়ুমের বিরুদ্ধে আপিলে নাহিদ: কাল শুনানি
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে এবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই আবেদন দাখিল করেছেন।


শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।


এর আগে গত ৩ ফেব্রুয়ারি ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করেই এখন আপিল বিভাগের দ্বারস্থ হয়েছেন নাহিদ ইসলাম।


গত ২ ফেব্রুয়ারি দায়ের করা ওই রিটে ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয়। রিটকারী নাহিদ ইসলামের দাবি, তথ্য গোপন করায় কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করা প্রয়োজন। এই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


আদালতে কাইয়ুমের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও জহিরুল ইসলাম মূসা।