টালিউডের জনপ্রিয় তারকা জুটি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন কি তবে বাস্তবে রূপ নিতে যাচ্ছে? সম্প্রতি নীলাঞ্জনার একটি রহস্যময় ও আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, “কখনও কখনও কোনো বিষয় শেষ হওয়ার অর্থ এই নয় যে তার গুরুত্ব ফুরিয়ে গেছে। বরং এর অর্থ হলো, সেখান থেকে নতুন করে পাওয়ার আর কিছু নেই।” জীবনের এই বিশেষ অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও যোগ করেন, নিজের আত্মসম্মান ও সত্তা খুঁজে পাওয়ার সাহস তিনি অর্জন করেছেন, যা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই ‘শেষ’কে তিনি সম্মানের সাথেই গ্রহণ করছেন বলে জানান।
গত বছর থেকেই টালিউড পাড়ায় এই দম্পতির আলাদা থাকার গুঞ্জন চাউর হয়। বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, যীশুর ব্যক্তিগত সহকারীর সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই ২০ বছরের সাজানো সংসারে ফাটল ধরেছে। বর্তমানে তারা আলাদা থাকছেন এবং তাদের দুই মেয়েকেও মায়ের পাশেই থাকতে দেখা যাচ্ছে।
দীর্ঘ দুই দশকের পথচলায় যীশু ও নীলাঞ্জনা ছিলেন টালিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। তবে সম্পর্কের এই টানাপোড়েন বা আইনি বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত যীশু বা নীলাঞ্জনা—কেউই সংবাদমাধ্যমে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তাদের ভক্ত-অনুরাগীরা এখনও আশায় আছেন, হয়তো সব মেঘ কেটে গিয়ে আবারও এক হবেন এই প্রিয় জুটি।

