সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত চলমান 'অদম্য কাপে' দেখা যায়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। এই টুর্নামেন্টে সুযোগ না পাওয়া নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই রিয়াদের। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
অদম্য কাপে না থাকা প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, "আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনায় থাকার মতোও আমি নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ একটি জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।"
১৮ বছর ধরে লাল-সবুজ জার্সিতে মাঠ মাতানো এই ক্রিকেটার এখন জীবনকে নতুনভাবে উপভোগ করছেন। অবসরের পথে থাকলেও খেলার প্রতি তাড়না এখনও ফুরিয়ে যায়নি তার। মাহমুদউল্লাহ বলেন, "আমি জানি না লাইফ কোন দিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর, ফিটনেস আর পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, সেদিনই খেলা ছেড়ে দেব। যতদিন সেই জেদ আছে, খেলে যাব।"
জাতীয় দলের অধ্যায় নিয়ে তৃপ্ত রিয়াদ এখন ঘরোয়া ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মনোনিবেশ করতে চান। তিনি জানান, "১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ আর যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই—সেগুলো খেলে যেতে চাই। আমি বর্তমান সময়টা উপভোগ করছি।"
উল্লেখ্য, গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে তিনি কেবল ঘরোয়া এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টেই নিয়মিত খেলছেন।

