এবারের রোজা ২৯টি হবে নাকি ৩০টি?
ছবিঃ সংগৃহীত

চাঁদ দেখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক গণনার পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে ভিন্নতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষে এই পার্থক্য ঘুচে গিয়ে অধিকাংশ মুসলিম দেশে একই দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।


রমজান শুরুর সম্ভাব্য তারিখ

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভৌগোলিক অবস্থানভেদে কোথাও কোথাও ১৮ ফেব্রুয়ারিও রোজা শুরু হতে পারে।


জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যমতে, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আমিরাত সময় বিকেল ৪টা ১ মিনিটে। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদ অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার প্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন।


একই দিনে ঈদুল ফিতর

মাসের শুরুতে কিছুটা মতপার্থক্য থাকলেও ঈদুল ফিতরের ক্ষেত্রে তেমনটি হওয়ার সম্ভাবনা কম। আল জারওয়ানের মতে, এবার রমজান মাস ২৯ দিনের হতে পারে। সেই হিসেবে অধিকাংশ দেশে রমজান শেষ হবে ১৯ মার্চ এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।


তিনি সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউম-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "রমজানের শুরুতে কিছুটা ভিন্নতা থাকলেও মাসের শেষে সেই সম্ভাবনা নেই। সব দিক বিবেচনায় নিয়ে বলা যায়, বেশিরভাগ মুসলিম দেশ একই দিনে ঈদ উদযাপনের আনন্দ ভাগ করে নেবে।"


প্রয়োজনীয় ট্যাগ: রমজান ২০২৬, ঈদুল ফিতর, চাঁদ দেখার সংবাদ, ইব্রাহিম আল জারওয়ান, জ্যোতির্বিজ্ঞান, রমজানের ক্যালেন্ডার, আন্তর্জাতিক সংবাদ।