ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ: ইরানের সঙ্গে ব্যবসা করলেই গুনতে হবে অতিরিক্ত শুল্ক
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর ‘সেকেন্ডারি শুল্ক’ আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি এই কঠোর আদেশে সই করেন। এর ফলে এখন থেকে ইরানের সঙ্গে লেনদেন করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।


ট্রাম্পের এই আদেশে বলা হয়েছে, ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য বা সেবা কেনা, আমদানি বা সংগ্রহ করা যেকোনো দেশের পণ্যের ওপর আমদানিশুল্ক কিংবা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। মূলত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


নির্বাহী আদেশে শুল্কের সুনির্দিষ্ট হার উল্লেখ করা না হলেও, ট্রাম্প এর আগে ২৫ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে কি না, তা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। বাণিজ্য সচিব এ ধরনের কোনো লেনদেনের প্রমাণ পেলে তা পররাষ্ট্রমন্ত্রীকে জানাবেন এবং এরপরই সংশ্লিষ্ট দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, ওমানে যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক সেই দিনই ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করলেন। এর আগে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সেকেন্ডারি শুল্কের হুমকি দিয়েছিলেন, যা এখন নির্বাহী আদেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো।