অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে জরুরিভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি নিষিদ্ধ করেছে চীন। দেশটির সরকারি নীতিনির্ধারক সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) বৃহস্পতিবার এক লিখিত আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেছে।
আদেশে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল, গ্যাসোলিন, ডিজেল এবং উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি রপ্তানি বন্ধ থাকবে। মার্চ মাসজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে মাসের শেষ দিকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও বলা হয়েছে, যেসব জ্বালানিবাহী চীনা কন্টেইনার বা কার্গো জাহাজ ১১ মার্চ পর্যন্ত কাস্টমস ছাড়পত্র পায়নি, সেসবের ওপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। একই সঙ্গে দেশটির তেল পরিশোধনকারী উদ্যোক্তা ও মালিকদের নতুন কোনো রপ্তানি অর্ডার না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভব হলে আগের অর্ডারগুলোও বাতিল করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন নিজস্ব তেলখনি না থাকলেও দেশটি বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক এবং পরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারকদের অন্যতম।
এদিকে তেল পরিশোধনকারী ব্যবসায়ী ও রপ্তানিকারকরা বার্তা সংস্থা রয়টার্স-কে জানিয়েছেন, তারা চলতি মার্চ মাসে তেল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করেছিলেন। কারণ সামনে রয়েছে চীনের ঐতিহ্যবাহী চীনা চান্দ্র নববর্ষ উৎসব। প্রায় এক মাসব্যাপী এই উৎসবের সময় দেশে জ্বালানি তেলের চাহিদা কমে যায়।
তবে সরকারের নির্দেশনা মেনে চলবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

