ঢাকায় পোষা বিড়াল হত্যা: একজনের ছয় মাসের কারাদণ্ড
ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকার মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার ঘটনায় আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাটি দেখেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর, যিনি বুধবার (১১ মার্চ) রায় ঘোষণা করেন।


কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা না দিলে আরও এক মাসের অতিরিক্ত কারাদণ্ড কার্যকর হবে।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুরের পোষা বিড়াল হারিয়ে যায়। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিবলু এই বিড়ালটিকে হত্যা করেছেন। তিনি মনসুরের প্রতিবেশী।


পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (PFAW)-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ দায়ের করেন। এরপর ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষ্য দেন।