হরমুজ প্রণালি দিয়ে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার ছাড়পত্র দিলো ইরান
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।


প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দুটি ট্যাংকার জাহাজ—‘পুষ্পক’ ও ‘পরিমল’—কে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার ফোনালাপ হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি-এর মধ্যে। সেই আলোচনার পরই জাহাজ দুটিকে নিরাপদে চলাচলের অনুমোদন দেয় ইরান।


এর আগে বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। হামলায় জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।


ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট-এর কান্দলা বন্দর-এর দিকে যাচ্ছিল। নিখোঁজ তিন নাবিকের মধ্যে একজন ভারতের নাগরিক ছিলেন বলেও উল্লেখ করা হয়।


কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।


হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ। প্রতিদিন বিশ্বে পরিবাহিত তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যাতায়াত করে। এ কারণে হরমুজ প্রণালিকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ও বলা হয়।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কবার্তা দেওয়া শুরু করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স-এর তথ্য অনুযায়ী, ওই সময় থেকে এ পর্যন্ত প্রণালিতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।


যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশের তেলবাহী ট্যাংকার জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আনুষ্ঠানিক অনুমতি দিল ইরান।