ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র নয় সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেলকিওমার্স হায়দারি গতকাল ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচলের প্রায় ২০ শতাংশই এই পথ ব্যবহার করে।
এই প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবেও অভিহিত করা হয়। কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই পথ ব্যবহার করেই তাদের তেল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। হরমুজ প্রণালী না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে পৌঁছানো সম্ভব হতো না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দিতে শুরু করে আইআরজিসি। কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম অপারেশন এর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

