ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের পর ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দ্রুত ইরানে যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন।
শনিবার (বাংলাদেশ সময় রাত ৩টার দিকে) পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন।
ফোনালাপের কিছুক্ষণ পর রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ইরানে চলমান সব ধরনের সহিংসতা জরুরি ভিত্তিতে বন্ধ করার আহ্বান জানাচ্ছে রাশিয়া। একই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান সংকট সমাধানে বলপ্রয়োগের পথ পরিহার করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় ফিরে আসার ওপর গুরুত্ব দিয়েছে মস্কো।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট পুতিন নিয়মিতভাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার লড়াইয়ে সংহতি প্রকাশ করেন।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান অপারেশন এপিক ফারি শুরু করে। একই সময় ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে আলাদা সামরিক অভিযান চালায়।
এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংঘাতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

