"ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলার পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত," এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। তবে ওই প্রতিবেদনকে সম্পূর্ণভাবে নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাত।
এক বিবৃতিতে আমিরাত জানায়, ইরানের হামলার প্রেক্ষিতে তাদের প্রতিরক্ষা অবস্থানে কোনো পরিবর্তন আনা হয়নি। দেশটি স্পষ্ট করে বলেছে, তারা এই যুদ্ধের কোনো পক্ষ নয় এবং ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও নেই।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং ইউনাইটেড ন্যাশন্স সনদের প্রতি অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে আমিরাত তাদের ভূমি, জলসীমা বা আকাশপথ ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়নি।
আমিরাত জোর দিয়ে জানায়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার বৈধ অধিকার তারা বজায় রাখবে।
পরিশেষে, দেশটি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের আগে দাপ্তরিক ও নির্ভরযোগ্য সূত্র যাচাইয়ের আহ্বান জানায়।

