চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের কন্যাশিশু ইরা মারা গেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটিতে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, ভুক্তভোগী শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।
পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরা এলাকায়। যে স্থান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, তা তার বাড়ি থেকে অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। এত দূরে একা যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ তাকে ফুসলিয়ে ওই এলাকায় নিয়ে যেতে পারে।
শনিবার সকালে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা পাহাড়ি সড়কের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ইকোপার্ক থেকে বের হয়ে আসতে দেখেন। এসময় তার গলা থেকে রক্ত ঝরছিল। শ্রমিকরা নিজেদের পরনের কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

