রমজান মাসে রোজা পালন ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ। হিজরতের দেড় বছর পর আল্লাহ তাআলা মুমিনদের উপর রোজা ফরজ করেছেন। সুরা বাকারা (আয়াত ১৮৩) এ উল্লেখ আছে:
“তোমারদের ওপর রোজা ফরজ করা হয়েছে—যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”
রোজার গুরুত্ব ও সওয়াব
রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, বিপুল সওয়াব লাভ করে এবং অনুকম্পায় ঋদ্ধ হয়। নবী করিম (সা.) বলেছেন:
“যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ ক্ষমা করে দেবেন।”
(বুখারি, হাদিস: ১৯০১; তিরমিজি, হাদিস: ৬৮৩)
রোজার নিয়ত
রোজা পালনের জন্য সাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ। নিয়ত মূলত মনের ইচ্ছা—মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। ঘুম থেকে ওঠা এবং সাহরি খাওয়া নিজেই নিয়তের অন্তর্ভুক্ত।
আরবি:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيم
বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। তাই তুমি আমার রোজা কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
ইফতারের দোয়া
আরবি:
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু
অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
(আবু দাউদ, হাদিস: ২৩৫৮)
ইফতারের পরের দোয়া
আরবি:
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
বাংলা উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং আল্লাহ চাইলে সাওয়াব স্থির হলো।
(আবু দাউদ, হাদিস: ২৩৫৭)
ইফতারের ফজিলত
সারা দিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তটি রোজাদারের জন্য পরম আনন্দের। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী করিম (সা.) বলেছেন:
“রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি ইফতারের সময়, আরেকটি প্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সময়।”
(তিরমিজি, হাদিস: ৭৬৬)
আল্লাহ তাআলা আমাদের রোজা, নিয়ত ও ইফতার কবুল করুন। আমিন।

