বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: হিরো আলম গ্রেপ্তার
ছবিঃ বিপ্লবীবার্তা

বগুড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাজাহানপুরের মাঝিড়া বন্দরের কাছে সদর থানা পুলিশ তার গাড়ির পিছু নেয়। একপর্যায়ে গাড়িটি থামিয়ে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।


গত ১০ ফেব্রুয়ারি বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এের বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে হিরো আলম ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন এবং গর্ভপাত করাতে বাধ্য করেছেন।


ভুক্তভোগী নারী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন। পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পর আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।