ইরানে সম্ভাব্য হামলার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এমন হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
সৌদি টেলিভিশন আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অতীতে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে বড় ধরনের পরমাণু দুর্ঘটনার ঝুঁকি ছিল। তিনি বলেন, উত্তেজনা বাড়ানো মানে আগুন নিয়ে খেলা করা, যার পরিণতি ভালো হবে না।
ল্যাভরভ আরও বলেন, 'আরব ও উপসাগরীয় দেশগুলো উত্তেজনা চায় না। বিশেষ করে ইরান ও সৌদি আরবর মধ্যে সাম্প্রতিক যে সম্পর্ক উন্নয়ন হয়েছে, সম্ভাব্য হামলা তা ক্ষতিগ্রস্ত করতে পারে।'
এদিকে গত ৬ ফেব্রুয়ারি থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে সংলাপ শুরু হয়েছে। ওমানের আম্মানে প্রথম দফা বৈঠকের পর দ্বিতীয় দফা আলোচনা চলছে জেনেভায়, তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একাধিক রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমঝোতা না হলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটবে।
এর জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে সামরিক মহড়া শুরু করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে—যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দিতে প্রস্তুত তারা।

