গ্রুপপর্বেই বিদায় আফগানিস্তানের, কারণ জানালেন রশিদ খান
ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় নিতে হয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলকে। প্রথম দুই ম্যাচ হেরেই রশিদ-নবিদের সুপার এইটে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়।


২০২৬ আসরে ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েছিল আফগানিস্তান। তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচেই লড়াই করেও হারতে হয়েছে আফগানদের। বিশেষ করে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ গড়ায় দুই সুপার ওভারে। গ্রুপে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত থাকলেও শুরুতেই দুই বড় দলের মুখোমুখি হওয়াটা কঠিন চ্যালেঞ্জ ছিল বলে জানান অধিনায়ক রশিদ খান।


রশিদের অভিযোগ, চার দিনের মধ্যে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হয়েছে তাদের। ভুলের কোনো সুযোগ ছিল না। টি-টোয়েন্টি ফরম্যাটে সামান্য হোঁচটই বড় মূল্য চোকাতে হয়। বড় দলকে হারাতে না পারায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।


গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। কিন্তু এবার গ্রুপপর্বেই থামতে হলো। বিশ্বকাপ বিদায়ের পর আরেকটি বড় পরিবর্তনও আসছে দলে। কোচ জনাথন ট্রটর সঙ্গে শেষ হচ্ছে আফগানদের যাত্রা। তার অধীনেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২৩ ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল দলটি।


রশিদ বলেন, 'ট্রট আফগান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, কেবল দক্ষতায় নয়—মানসিক দিক থেকেও খেলোয়াড়দের গড়ে তুলেছেন। সামনে কঠিন পথ। কোচের শূন্যতা পূরণ, ধারাবাহিকতা বজায় রাখা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন আফগানদের সামনে।