কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আমল দেয় না রাশিয়া: পুতিন
ছবিঃ সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ কিউবার ওপর যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞাকে তারা আমল দেয় না, দেবেও না।


গত ১৭ ফেব্রুয়ারি মস্কো সফরে যান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। পরদিন ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে পুতিন বলেন, “নিষেধাজ্ঞার বিশেষ মৌসুম শুরু হয়েছে, কিন্তু এ ধরনের কোনো কিছুকে আমরা গুরুত্ব দিই না। আমাদের অবস্থান স্পষ্ট ও দ্ব্যর্থহীন।”


চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, 'কোনো দেশ কিউবায় তেল রপ্তানি করলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।' এর আগে ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে নেওয়ার পর কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে জ্বালানি সংকটে পড়ে হাভানা।


১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে কিউবার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চলছে। পুতিন বলেন, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কিউবার জনগণ দীর্ঘদিন ধরেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে।


এদিকে হাভানায় রুশ দূতাবাস জানিয়েছে, কিউবার জ্বালানি সংকট কাটাতে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। শিগগিরই দেশটিতে পৌঁছাবে রাশিয়ার তেলের প্রথম চালান।