ব্যাংককের মাঠে শুরুটা ছিল বিস্ময় আর রোমাঞ্চে ঘেরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আমিরাতি বোলারদের তোপের মুখে পড়ে ভারত। মাত্র ২৭ রানেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল দল, তখন হাল ধরেন অনুষ্কা শর্মা ও তনুজা কানওয়ার।
অনুষ্কার লড়াকু ৪৭ এবং তনুজার ৩৪ রানের ওপর ভর করে কোনোমতে বিপর্যয় সামাল দেয় ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া। আমিরাতের হয়ে বল হাতে একাই ৩ উইকেট শিকার করেন সামাইরা।
১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে যেন অন্য এক আমিরাতকে দেখল ক্রিকেট বিশ্ব। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক এশা ওঝা। ওপেনিংয়ে ৪০ রান তোলার পর সামাইরাকে সঙ্গী করে গড়েন ৭১ রানের ম্যাচজয়ী এক জুটি।
ভারত ম্যাচে ফেরার চেষ্টা করলেও একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন এশা। তার অপরাজিত ৭২ রানের মহাকাব্যিক ইনিংসে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাত।

