সুনামগঞ্জ-২ সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। পরাজয় মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।”
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের মোট ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাসিরউদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।
শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। অপরদিকে নাসিরউদ্দিন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য।
এবং আজ সকাল ১০ ঘটিকার সময় জনাব নাছির উদ্দীন চৌধুরীর বাড়িতে গিয়ে ফুলের মালা ও নিজ হাতে মিষ্টি খাওয়ালেন। তখন শিশির মনির বলেন, আমি নতুন ধারা রাজনীতী চালু করতে চাই। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক।

