ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে ঝালকাঠি-২ আসনে (সদর-নলছিটি) বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিজয়ী হয়েছেন। ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ১১ দলীয় জোট প্রার্থী সাবেক বাকসু এজিএস এস এম নেয়ামুল করিম, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বরিশাল বিভাগের ২১টি আসনের ১২৪ জন প্রার্থীর মধ্যে মাত্র দুজন ছিলেন নারী প্রার্থী ছিলেন যা শতকরা ২ ভাগেরও কম। তারা হলেন ঝালকাঠি-২ আসনের ধানের শীষ প্রতীকের বি এন পি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং বরিশাল-৫ (সিটি করপোরেশন-সদর) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ডা: মনীষা চক্রবর্তী।
এই বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, 'জেলা বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের বিরোধিতার কারণে ভোটের আগে দলীয় কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়েছিল। কিন্তু তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে ভোটারদের মন জয় করে বিজয়ী হয়েছেন।জনমত জরিপ ও ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনোনীত করেন।'
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আগামীতে এলাকার উন্নয়নই হবে আমার আসল কাজ।ঝালকাঠি সদর ও নলছিটির জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ জন্য তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।'
সাধারণ গৃহবধূ থেকে রাজনৈতিক বনে যাওয়া ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তার স্বামী মরহুম জুলফিকার আলী ভুট্টো ঝালকাঠি-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।এলাকায় ব্যাপক উন্নয়নের জন্য তার বেশ নাম ডাক ছিল। রাজনীতিতে জাসদ ছাত্রলীগ থেকে হাতেখড়ি। পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ডাকে জাতীয় পার্টিতে যোগ দেন। সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করলে ২০০০ সালের উপনির্বাচনে ইলেন ভুট্টো নৌকার প্রার্থী আমির হোসেন আমুর কাছে পরাজিত হন। পরে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২০০১ সালের নির্বাচনে ইলেন ভুট্টো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন।

