ফরিদপুরে চার আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর প্রাথমিক ফলাফলে ফরিদপুর জেলার চারটি আসনে ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য দেখা দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া বার্তা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়েছে। যদিও সব আসনে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে, ‘না’ ভোটও কম নয়।


ফরিদপুর-১ (আসন নং ২২১)-এ মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৫৪০। প্রাথমিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৮৫ হাজার ৪২৩টি, আর ‘না’ ভোট ১ লাখ ১২ হাজার ৮০৩। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ২২৬ এবং বাতিল ভোট প্রায় ২৭ হাজার।


ফরিদপুর-২ (আসন নং ২১২)-এ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪ এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৮। মোট বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৪২, বাতিল ভোট প্রায় ২৬ হাজার।


ফরিদপুর-৩ (আসন নং ২১৩)-এ মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৬২১। প্রাথমিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৫৩৭। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৫৮৭, বাতিল ভোট ২৪ হাজার ৫৭২।


ফরিদপুর-৪ (আসন নং ২১৪)-এ মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭০৬। প্রাপ্ত তথ্য অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ১০২ এবং ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৯০। মোট বৈধ ভোট ২ লাখ ৫৪ হাজার ১৯২ এবং বাতিল ভোট ২৬ হাজার ৮৫৪।


চারটি আসনে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রের ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। 


প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় ভোট নিরাপদভাবে সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। রাতের ফলাফলের ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসও দেখা গেছে।