পটুয়াখালীতে ২ আসনে বিএনপি, ১টিতে জামায়াত ও নুরের চমক
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে ভোটযুদ্ধের ফলাফল প্রকাশিত হয়েছে। বেসরকারি ফলাফলে দেখা গেছে, জেলাটিতে কোনো একক দলের আধিপত্য থাকেনি; বরং জনমতের বিচিত্র প্রতিফলন ঘটেছে। জেলার ৪টি আসনের মধ্যে বিএনপি ২টিতে জয়ী হলেও বাকি ২টিতে বাজিমাত করেছে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী চূড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন।


পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরীর রাজকীয় প্রত্যাবর্তন

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির হেভিওয়েট প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ১৬৪টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মো. ফিরোজ আলম (হাতপাখা) পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট। দীর্ঘ সময় পর এই আসনে ধানের শীষের বড় বিজয় নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।


পটুয়াখালী-২: বাউফলে জামায়াতের ড. মাসুদের বিজয়

বাউফল আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। ১১৬টি কেন্দ্রে ১ লাখ ৭৫০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপির সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭৩ হাজার ৬৭৬ ভোট। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী হিসেবে ড. মাসুদের এই জয়কে জেলা রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকে নুরের চমক

গলাচিপা-দশমিনা এলাকায় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সাবেক এই ডাকসু ভিপি তার 'ট্রাক' প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭ হাজার ৩২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৮৭ হাজার ৩৬১ ভোট। তরুণ ভোটারের বিপুল সমর্থন নুরের বিজয়ে প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।


পটুয়াখালী-৪: উপকূলে ধানের শীষের দাপট

কলাপাড়া-রাঙ্গাবালী আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশারফ হোসেন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ১২৫টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট। এর মাধ্যমে পটুয়াখালীতে বিএনপির দ্বিতীয় আসনটি নিশ্চিত হলো।


জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, পটুয়াখালীর প্রতিটি আসনে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং জনরায়ের প্রতিফলন হিসেবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।