ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এবং দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, শফিকুর রহমান মোট ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান (ধানের শীষ) পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন জামায়াতের আমির।
ঢাকা–১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন।
এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) এবং নিলাভ পারভেজ (প্রজাপতি)।

