ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। অভিনন্দন বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাকিস্তান নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ অঞ্চলজুড়ে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ ও সফল আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।
পোস্টে শাহবাজ শরিফ উল্লেখ করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

