এবার সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
ছবিঃ সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাত এর আল-ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, রিয়াদের আকাশে চারটি ড্রোন আগেই ধ্বংস করা হয়েছে এবং লক্ষ্যে আঘাত হানার আগেই হামলা প্রতিহত করা হয়েছে।


সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান সংশ্লিষ্ট সংঘাতের পর থেকে সৌদি আরব ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। লক্ষ্যবস্তু হিসেবে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান, সামরিক স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকা নির্বাচিত হয়েছে।


ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।


একই সময়ে, ইরানের সামরিক হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইম্‌স অফ ইসরায়েল জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন, আবার অনেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন।


শুধু গত ২৪ ঘণ্টাই নয়, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলে মোট ৩,১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা এবং হামলার ধারা এখনও অব্যাহত, যা অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।