গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত নেতানিয়াহু, বাড়ছে জল্পনা
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের পর এই প্রথম নিরাপত্তা মন্ত্রিসভার কোনো বৈঠকে অনুপস্থিত থাকলেন তিনি।


জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৈঠকে সভাপতিত্ব করেন ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এটি ছিল নিয়মিত নিরাপত্তা বৈঠকের অংশ।


তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি নতুন করে নানা জল্পনা তৈরি করেছে। এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও এই দাবির পক্ষে তেহরান এখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি।


এদিকে বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে না আসায় নেতানিয়াহুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জ্যাকসন হিঙ্কল।


নিজের এক্স অ্যাকাউন্টে তিনি নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে উল্লেখ করে লিখেছেন, “ইয়ার আমাকে অনেক আগেই ব্লক করেছে। কিন্তু আমাকে জানতে হবে তোমার বাবা কি মারা গেছেন, ইয়ার নেতানিয়াহু?”


এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুকে ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।