ইসরায়েলের পাশাপাশি ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের ইরবিলে অবস্থিত হারির মার্কিন বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনা মোতায়েন থাকা আলি আল সালেম ও আরিফজান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাদের দাবি, শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে এসব ঘাঁটি ‘ধ্বংস’ হয়ে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলে অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ এবং হতাহতের সংখ্যা বাড়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে তেল আবিবের শিল্পাঞ্চলগুলোতে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রগুলো বড় ধরনের প্রভাব ফেলেছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা তাদের সামরিক অভিযানের অংশ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

