২০৯ আসনে ধানের শীষের জয়, ৬৮ আসনে জামায়াত: ইসি
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বেসরকারিভাবে জয়ী হলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।


নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং গণসংহতি আন্দোলন ১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।


সবমিলিয়ে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।


তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।


ইসি সূত্রে জানা গেছে, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল মামলা-সংক্রান্ত কারণে স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন। এছাড়া শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বেই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।