আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তখন ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরাও হল ছাড়তে শুরু করেছেন। নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করায় আবাসিক হলগুলোতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি, যাদের অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন। ফলে নতুন ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। এই উৎসাহ থেকেই অনেক শিক্ষার্থী ভোট দিতে বাড়ি ফিরছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। টানা পাঁচ দিনের ছুটিতে ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেক হলের ডাইনিং বন্ধ রয়েছে, আবাসিক হলগুলোতেও অবস্থান করছেন অল্পসংখ্যক শিক্ষার্থী। সাধারণত শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা হল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, হলপাড়া, মুক্তমঞ্চ ও শহিদ মিনার এলাকায় এখন নীরবতা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানান, এবার বাড়ি ফেরা শুধু ছুটি কাটানোর জন্য নয়, বরং ভোট দেওয়ার আগ্রহ থেকেই। ঢাকা কলেজের সাউদার্ন হলের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহাদের বাড়ি ঠাকুরগাঁও। তিনি বলেন, এটি তার জীবনের প্রথম ভোট। অতীতে ভোট দেওয়ার সুযোগ থাকলেও পরিবেশ অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এবারের নির্বাচন নিয়ে তিনি আশাবাদী এবং সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন।
ইন্টারন্যাশনাল হলের আবাসিক শিক্ষার্থী ইমি আরাফাত জানান, তিনি মূলত ভোট দেওয়ার উদ্দেশ্যেই বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, গণভোটে অংশ নেওয়ার আগ্রহ থেকেই তার এই যাত্রা।
আহাদ বা ইমি আরাফাতের মতো আরও অনেক শিক্ষার্থী ভোট দেওয়ার লক্ষ্যেই হল ছেড়ে বাড়ি ফিরছেন। শিক্ষার্থীদের ভাষ্য, এবারের বাড়ি ফেরা শুধু নাড়ির টানে নয়, ভোটের টানেও। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে—এমন প্রত্যাশাই তাদের কণ্ঠে শোনা গেছে।

