ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাজাপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার কবির হোসেন।
তিনি অভিযোগ করে বলেন,' ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে। কিন্তু একটি বিশেষ দল পরিকল্পিতভাবে জামায়াতের কর্মীদের হুমকি, বাধা, ভীতি প্রদর্শন ও হামলা চালিয়ে যাচ্ছে—যার কিছু ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি। সাতুরিয়া ইউনিয়নসহ কয়েকটি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় নির্বাচন ভণ্ডুল করার লক্ষে সাধারণ ভোটার ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কর্মীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে দীর্ঘদিনের পুরোনো জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করা হয়। এর আগে প্রকাশ্যে জামায়াতের কর্মীদের হুমকি দিয়ে সাতুরিয়া ইউনিয়নে জামায়াতের কোনো চিহ্ন থাকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ওই সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন নেতারা।
জামায়াত নেতারা এই অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জামায়াতের লোকেরাই নিজেরা আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল—এ ধরনের কাজে জড়িত থাকার প্রশ্নই আসে না।
ঘটনার পরে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।” এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

