স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই ঐতিহ্যবাহী কোনো একটি পুরোনো পোশাক পুনরায় চালুর বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশ একাডেমি-তে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ বর্তমানে একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবন শুরু করতে যাওয়া এই ব্যাচের ওপর দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে নিজেদের দক্ষ, সৎ ও পেশাদার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই ভঙ্গুর অবস্থা থেকে পুলিশ ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বর্তমান অবস্থানে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার বিশ্বাস করে পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং এটি জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপিসহ বিভিন্ন সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

