মজুত আছে, আতঙ্কে পড়ে অতিরিক্ত তেল ক্রয় না করার অনুরোধ সরকারের
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সরকার। কোনো ধরনের আতঙ্কে পড়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এসব জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি অবৈধ মজুত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


সরকার জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম চালু রয়েছে।


এতে আরও বলা হয়, সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। অতিরিক্ত লাভের আশায় কেউ যাতে জ্বালানি তেল মজুত না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


সরকার আরও আশ্বস্ত করে জানায়, চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ফলে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির শঙ্কা নেই।