মিটফোর্ড হত্যার আসামিদের নিয়ে নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থী
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের নিয়ে নতুন ও গুরুতর অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত কয়েকজন ব্যক্তি ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামীদের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে দাবি উঠেছে।


স্থানীয় একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লাল চাঁদ হত্যাকাণ্ডে মামলায় নাম থাকা কয়েকজন আসামিকে সাম্প্রতিক সময়ে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামীদের প্রচারণা কার্যক্রমে দেখা গেছে। কেউ কেউ মিছিল, পথসভা ও প্রচার কার্যক্রমে সরাসরি অংশ নেন। এমনকি প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামী মাহামুদুল হাসান মহিনসহ কয়েকজন কে দেখা গেছে প্রচারণায় অংশ নিতে।


ভিডিও ও ছবি ঘিরে প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত বলে পরিচিত কয়েকজন ব্যক্তি নির্বাচনী পোস্টার লাগানো, মিছিলের সামনে থাকা এবং প্রার্থীর পাশে অবস্থান করছেন। এসব দৃশ্য নতুন করে প্রশ্ন তুলেছে—গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা কীভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকেন।

নিহত লাল চাঁদের স্বজনেরা অভিযোগ করে বলেন,“যারা প্রকাশ্যে আমাদের ভাইকে পিটিয়ে হত্যা করেছে, তারা যদি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ঘুরে বেড়ায়—তাহলে ন্যায়বিচার কোথায় পাবো?”

এলাকাবাসী বলছেন, এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। তাঁরা বলছেন, যদি নির্বাচনী রাজনীতির সঙ্গে খুনে অভিযুক্তদের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তা দেশের রাজনীতির জন্য ভয়াবহ বার্তা বহন করবে।