শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে মালিঙ্গার পরিবর্তে মাদুশান
ছবিঃ সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার আগে শ্রীলঙ্কা দল স্কোয়াডে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কাঁধের চোটে পড়া ইশান মালিঙ্গার জায়গায় নেওয়া হয়েছে প্রমোদ মাদুশানকে।


১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ার পর ১৫ জনের স্কোয়াডের বাইরে থাকা মাদুশানকে লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৪ বছর বয়সী মিডিয়াম ফাস্ট বোলার মাদুশান শ্রীলঙ্কার হয়ে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ৮.৬৩ ইকোনমিতে ১২ উইকেট নিয়েছেন। ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে তিনি ছিলেন, কিন্তু ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ দল ঘোষণার পর ছেড়ে দেওয়া হয়েছিল। তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছিল ২০২৩ সালের এপ্রিল মাসে।


মাদুশান মাথিশা পাথিরানা ও দুষ্মন্ত চামিরার পেস আক্রমণে যোগ দেবেন। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আগামীকাল (রোববার) কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।


শ্রীলঙ্কা স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জানিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা, প্রমোদ মাদুশান।