করণের রসিকতার পরেই বদলে গেল জয়ার মেজাজ
ছবিঃ সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন আবারও পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করেছেন। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়া তো দূরের কথা, আলোকচিত্রীদের দেখলেই বিরক্ত হয়ে ওঠেন—এমন অভিযোগ বহুদিনের। সাম্প্রতিক একটি ঘটনায় সেই চিত্রই আবার সামনে এলো।


বুধবার মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লাল গালিচায় উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বলিউড নির্মাতা করণ জোহর–এর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন জয়া। ঠিক তখনই চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, করণ জোহর হাস্যরসের ছলে পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘আমি এখানে আছি বলেই জয়া জির ছবি আপনারা এতক্ষণ ধরে তুলতে পারছেন। নাহলে এতক্ষণ ওনার দিকে ক্যামেরা তাক করে রাখতে পারতেন না।’


তবে করণ জোহর সরে যেতেই পরিস্থিতি বদলে যায়। মুহূর্তেই নিজের চেনা মেজাজে ফেরেন জয়া বচ্চন। ক্যামেরার দিকে চোখ পাকিয়ে কর্কশ স্বরে বলেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’


উল্লেখ্য, অতীতেও একাধিকবার সাংবাদিক ও পাপারাজ্জিদের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একবার সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, ‘নোংরা জামাকাপড় পরে হাতে একটা ফোন নিয়ে আসা মানেই কি সাংবাদিকতা? আমার বাবা সাংবাদিক ছিলেন, তাই আমাকে শেখাতে আসবেন না সাংবাদিকতা কাকে বলে।’


তার সাম্প্রতিক এই আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।